গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিক মাহমুদ হাসান নাঈম-কে মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। সংশ্লিষ্ট সংবাদটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয় তুলে ধরেছিল বলে জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিক মাহমুদ হাসান নাঈম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
এ ঘটনার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অডিওতে থাকা কথোপকথনের ভাষা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।
এমন পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডির নম্বর ৭০৮, তারিখ ১৪ এপ্রিল ২০২৬।
স্থানীয় সাংবাদিকরা বলছেন, একজন জনপ্রতিনিধির এমন আচরণ স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য হুমকি। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।